‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে শ্রীপুরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে গাজীপুরের শ্রীপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সাতখামাইর বাজারে ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’ কার্যক্রম দেখা যায়।
শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্টসমৃদ্ধ ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভোটারদের নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা বিষয়ে তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে মতামত বাক্সের মাধ্যমে সাধারণ মানুষের লিখিত মতামত ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।






