সাংবাদিকদের সম্মানে শ্রীপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল
গাজীপুরের শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) উপজেলা অডিটরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করে শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ, পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, গাজীপুর জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী সিরাজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা সমাজের নানা অসঙ্গতি ও অপরাধ তুলে ধরার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখেন। দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে এস এম মাহফুল হাসান হান্নান বলেন, শ্রীপুরে সুস্থ ধারার সাংবাদিকতায় যারা যুক্ত আছেন, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ভবিষ্যতেও সবাইকে নিয়ে কল্যাণমুখী সাংবাদিকতা এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






