গাজীপুরে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, সেনা অভিযানে জরিমানা সাড়ে ৪ লাখ
মোঃ সোহেল মিয়া, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার (৪এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউট আর্মি ক্যাম্পের নেতৃত্বে মহানগরের সদর মেট্রো থানার দুইটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি’র ডিলার পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিয়ামত সড়কে অবস্থিত ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুদসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট।
অপরদিকে সদর মেট্রো থানার আওতাধীন দেশীপাড়া এলাকায় ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার গ্যাস সিলিন্ডার মজুদের অপরাধসহ নানা অসংগতির প্রমান পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক জানান, ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জরিমানার বিষয়টিও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
















