গাজীপুরের শ্রীপুরে রাতে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার ভোররাতের দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার পাশে ঘটনাটি ঘটে। মিনিবাসটির চালক ভেতরেই অবস্থান করছিলেন এবং আগুনের প্রথম স্ফুলিঙ্গ দেখেই তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আগুনে বাসের একটি সিটের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, ‘প্রভাতী’ রুটের মিনিবাসটি প্রতিদিন শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। রাতে নিয়মিতভাবেই এমসি বাজার এলাকায় গাড়িটি রাখা হয়। ঘটনার সময় গাড়ির ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক। তিনি হঠাৎ তাপ অনুভব করে সিটের পাশে আগুন ধরেছে দেখতে পান। পরে তিনি নিজেই পানি এনে আগুন নেভান।
বাসের মালিক মো. আব্দুস সামাদ বলেন, চালকের কাছ থেকে ফোন পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
“কীভাবে আগুন লাগল, এখনো পরিষ্কার কোনো তথ্য নেই,” বলেন তিনি। “তবে ক্ষতি খুবই কম হওয়ায় বড় বিপদ হয়নি।”
ঘটনার পর বুধবার সকালে সামাজিক মাধ্যমে একটি ১১ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—এক ব্যক্তি বাসের পাশে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে সরে যাচ্ছেন। ভিডিওটি ঘটনাস্থলের কি না বা সংশ্লিষ্ট মিনিবাসের কি না—সেটি নিশ্চিত করতে পারেননি মালিক।
এদিকে, রাতেই খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,
“আমরা গিয়ে কোনো অগ্নিসংযোগের চিহ্ন পাইনি। স্থানীয়রাও স্পষ্টভাবে কিছু বলতে পারেনি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৫:৪০ অপরাহ্ণ