আজ বুধবার ১১ মার্চ, ২০২৬ | ২১ রমজান, ১৪৪৭ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বসন্তকাল

শ্রীপুরে ভার্মিকম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ । ১১:৪৭ পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের নিয়ে “ভার্মিকম্পোস্ট উৎপাদন” বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জৈবসারের গুরুত্ব, উৎপাদন প্রক্রিয়া ও আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আজিজুল হক, পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস), বিনা, ময়মনসিংহ। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থায় জৈবসার অপরিহার্য। ভার্মিকম্পোস্ট উৎপাদন কৃষকের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি মাটির স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহাব, কটন এগ্রোনমিস্ট ও প্রধান, তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর, গাজীপুর এবং কামরুন নাহার, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বিনা, ময়মনসিংহ। তারা বলেন, সঠিক প্রক্রিয়ায় উৎপাদিত ভার্মিকম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুর। তিনি উদ্যোক্তা ও কৃষকদের মাঝে জৈবসার ব্যবহারের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিনা’র ইনোভেশন খাত (রাজস্ব) থেকে সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট করুন