আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ গাজীপুর–৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু রোববার বিকেলে শ্রীপুরের টেপিরবাড়ী বাজারে গণসংযোগ করেন।
গত কয়েকদিন অসুস্থ থাকার পর প্রথমবারের মতো গণসংযোগে অংশ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে বক্তব্যে অধ্যাপক বাচ্চু বলেন, “তারুণ্যের অহংকার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিদিনই দেশ ও জনগণের জন্য নতুন নতুন জনবান্ধব পরিকল্পনা নিয়ে আসছেন। আমাদের লক্ষ্য ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের বিজয়ী করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোসলেহউদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক আবু জাফর সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, তেলিহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর-৩ আসনে অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। প্রচারের শুরু থেকেই প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ আসনে বিএনপির প্রার্থী ছাড়াও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা এহসানুল হক (রিকশা), স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া), ইসলামী আন্দোলনের হাফেজ আলমগীর হোসেন (হাতপাখা), ইসলামী ঐক্যজোটের মুফতি শামীম আহমেদ (মিনার), জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন (লাঙ্গল) এবং বাসদের আতিকুল ইসলাম পিয়াল (মই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুর-৩ সংসদীয় আসনটি শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ