আগামী ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর প্রায় চার মাস আগেই অর্ধশত শিক্ষার্থী ভর্তি করে সাফল্য দেখিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার শিরিন আওলাদ মডেল স্কুল।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম। এসময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষের জন্য এসব শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি-ক্লাসেরও ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান শিরিন আওলাদ মডেল স্কুলে দীর্ঘদিন ধরে প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার মান উন্নয়নের কারণে প্রতিবছরই এখানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ভর্তি হচ্ছে।

অনলাইন ডেস্ক