খুঁজুন
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন, ১৪৩২

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ভোটের প্রস্তুতির বিষয়ে জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সবই গ্রহণ করে রেখেছে ইসি। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এদিন সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। আর পরবর্তীতে তা প্রচার করা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

ব্যালটে থাকছে না নৌকা প্রতীক 

এবার আওয়ামী লীগকে ছাড়াই ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে নৌকা প্রতীকটি এবার আর ব্যালট পেপারে থাকছে না। কেননা, নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের আর নিজ প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে না।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নিবন্ধন বাতিল রয়েছে বা স্থগিত রয়েছে এমন দলের প্রতীক ব্যালটে থাকবে না।

প্রবাসীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

এবারের নির্বাচনে বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে ইসি। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা এবং দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা। এছাড়া এবারই প্রথমবারের মতো জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি।

ভোটের পরিসংখ্যান ও সময়সূচি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

একইসঙ্গে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি, মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি, মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। তবে দুই ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষ (ভোট প্রদানের কক্ষ) বাড়তে পারে। এবার ভোটগ্রহণ করা হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

অংশ নিচ্ছে অর্ধশতাধিক দল

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগ ভোটের বাইরে থাকলেও জাতীয় পার্টির বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যে সব দলের নিবন্ধন রয়েছে তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ৫৬টি। এই সংখ্যা ভোটের আগেই আরও বাড়তে পারে।

আচরণবিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, টাকা ফেরত দিতে  আইনি নোটিশ

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার গৃহবধূ সানিলা জাহান জুঁইয়ের শখ বিড়াল পালন। আগে থেকেই তাঁর বাসায় একটি মাদী বিড়াল ছিল। সেটির সঙ্গে জুটি করতে তিনি একটি পুরুষ বিড়াল খুঁজছিলেন। এ সময় অনলাইনে বিড়াল বিক্রির একটি বিজ্ঞাপন তাঁর নজরে আসে।

বিজ্ঞাপন দেখে তিনি ঢাকার মালিবাগের সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের পাশে অবস্থিত সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের দ্বীন ইসলাম মাজেদ ও রাফসান নামের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তারা একটি বিড়াল দেখিয়ে এর দাম ৬২ হাজার টাকা দাবি করেন। পরে ওই দামে বিড়ালটি কিনতে জুঁই প্রথমে ২ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন।

পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিড়ালটি পাঠানো হয়। কুরিয়ার থেকে বিড়ালটি গ্রহণ করার সময় বাকি ৬০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু বাসায় আনার পর দেখা যায় বিড়ালটি অসুস্থ।

ভুক্তভোগী সানিলা জাহান জুঁই বলেন, বিড়ালটি কেনার সময় শর্ত ছিল এটি সুস্থ হতে হবে এবং তাঁর বাসায় থাকা মাদী বিড়ালের সঙ্গে মিল (ম্যাচিং) থাকতে হবে। গত ১৮ ফেব্রুয়ারি বিড়ালটি বাসায় আনার পর দেখা যায় এটি অসুস্থ এবং বাসায় থাকা বিড়ালের সঙ্গে মিলও হচ্ছে না। বিষয়টি জানিয়ে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিড়াল ফেরত নিতে ও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

তিনি অভিযোগ করেন, বিক্রেতারা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, বিড়াল বিক্রেতাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে তারা যদি বিড়ালটি ফেরত নিয়ে জুঁইয়ের টাকা ফেরত না দেন, তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য নিতে বিড়াল বিক্রেতাদের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
শ্রীপুরে আরসিসি ঢালাই রাস্তার উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে চৌরাস্তা সংলগ্ন আনসার রোড কলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ি মোড়মুখী ১২০ মিটার আরসিসি (RCC) ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ রাস্তার উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিব, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাহেদ, সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী উপসহকারী তানভির আহমেদ এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি হাসান ইকবাল কাজল মৃধা, শ্রীপুর উপজেলা বিআরডিভি চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, আহ্বায়ক কমিটির সদস্য শরিফ সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নতুন করে নির্মিত আরসিসি ঢালাই রাস্তার ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা। ঠিকাদার প্রতিষ্ঠান এ এম আর এন্টারপ্রাইজ।

শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

“সঠিক প্রশিক্ষণ, নিরাপদ ভ্রমণ” স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত অ্যাসেট প্রকল্পের আওতায় প্রশিক্ষণের আয়োজন করেছে প্রশিকা ইনস্টিটিউট অব স্কিলস ফর এমপ্লয়মেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. আহাদ উল্লাহ।
অনুষ্ঠানে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর হক এবং সভাপতিত্ব করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক মো. আজিজির রহমান। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী শওকত চক্রবর্তী, সাবেক উপ-প্রধান নির্বাহী কামরুল হাসান কামাল, জহিরুল ইসলাম কাজল, মমতাজ উদ্দিন ও আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এই মোটর ড্রাইভিং প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারবে। এতে স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।