মধ্যরাতে শীতার্তদের দ্বারে দ্বারে গাজীপুরের জেলা প্রশাসক
তীব্র শীতের কনকনে রাতে খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ভাসমান ও শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। গভীর রাতে মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গিয়ে জেলা প্রশাসক ঘুমন্ত ও অসহায় মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এসময় তিনি তাদের পাশে বসে তাদের সমস্যার কথা শোনেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে মধ্যরাতে পাশে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সুবিধাভোগীরা।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাজ্জাদ, এনডিসি ইশতিয়াক মাজনুন ইশতিসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। শীতের এই তীব্রতায় কেউ যেন কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। শীত মৌসুমে এই মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]