খুঁজুন
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন, ১৪৩২

নেপথ্যে শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন

শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের লাখ লাখ টাকা লোপাট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
শ্রীপুরে প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্র মেরামতের  লাখ লাখ টাকা লোপাট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র সংস্কারের নামে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ উঠেছে। নির্বাচন উপলক্ষে সারাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ১২৩১টি ভোটকেন্দ্র সংস্কারের নামে ৪১ কোটি ১২ লক্ষ টাকা বেয় করে। সারাদেশের মতন শ্রীপুর উপজেলায় ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামমাত্র কাজ দেখিয়ে প্রায় লাখ লাখ টাকা আত্মসাৎ করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অভিযোগের তীর খোদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন ও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের দিকে।

​সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বরাদ্দের টাকা লোপাট করতে অপ্রয়োজনীয় ও তুচ্ছ কাজকে বড় খরচ হিসেবে দেখানো হয়েছে।
​যোগীর ছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়: এই বিদ্যালয়ে বরাদ্দ ছিল ৩৩,৩৩৩ টাকা। প্রধান শিক্ষক হাতে পেয়েছেন ২৬,০০০ টাকা। এই সামান্য টাকায় টয়লেট পরিষ্কার, পুরনো বৈদ্যুতিক ওয়ারিং মেরামত এবং কিছু বাল্ব কেনা দেখানো হয়েছে। অথচ শিক্ষার্থীদের হাত ধোয়ার বেসিনে একটি পানির কল পর্যন্ত লাগানো হয়নি।

​ধামলই সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৩৩,৩৩৩ টাকা বরাদ্দের বিপরীতে প্রধান শিক্ষক পেয়েছেন ২৪,৬০০ টাকা। এই টাকায় মাত্র ৩টি ফ্যান, কয়েক জোড়া তালা ও কিছু বাল্ব কেনা হয়েছে।

​২ নং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোহিনুর বেগমকে দেড় লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। বিপুল এই অর্থ দিয়েও কেবল ৩টি ফ্যান, দরজা-জানালা ও টয়লেট মেরামতের সাধারণ কাজ দেখানো হয়েছে অথচ শহীদ মিনার রং করার মত ২ হাজার টাকা হয়নি।

​ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে স্কুলের দরজা-জানালা, বাল্ব ও গেট মেরামতের দাবি করেছেন শিক্ষিকা নূরজাহান বেগম।

মুলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অনুকুল সরকার এক লক্ষ বিশ হাজার টাকা অনুদান পেয়েছেন তিনি অন্যান্য স্কুলের মত টয়লেট তালা গ্রিল গেট দরজা জানালা মেরামত করেছেন, তিনি বলছেন এক লক্ষ বিশ হাজার টাকার কাজে এক লক্ষ ৪২ হাজার টাকা খরচ করেছেন কাজ করে আরো বিশ হাজার টাকার লস।

​দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ যখন শিক্ষা অফিসার
​অভিযোগ উঠেছে, এই অর্থ আত্মসাতের পুরো ছকটি তৈরি করেছেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন। তিনি শুধু দুর্নীতির সুযোগই করে দেননি, বরং বরাদ্দকৃত টাকা থেকে নিজের ভাগও বুঝে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

​অনুসন্ধানে জানা গেছে, গণমাধ্যম বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্ন এড়াতে তিনি শিক্ষকদের বিশেষ ‘কৌশল’ শিখিয়ে দিয়েছেন। সাংবাদিকদের সামনে কী বলতে হবে এবং কীভাবে তথ্য গোপন করতে হবে, সে বিষয়েও তিনি শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​এবিষয়ে বক্তব্য এড়িয়ে যাচ্ছেন অভিযুক্তরা
​অর্থ আত্মসাতের এসব সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি নিজের মতো করে সাজানো কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করেন। এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অন্য দপ্তরে পাঠিয়ে দিয়ে মূল ঘটনাকে ধামাচাপার দেওয়ার চেষ্টা করে।

​শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, সরকারি এই বরাদ্দের টাকা যদি সঠিকভাবে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ব্যয় হতো, তবে শিক্ষার পরিবেশ উন্নত হতো। কিন্তু প্রশাসনিক কর্মকর্তাদের যোগসাজশে এই অর্থ লোপাট হওয়ায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
শ্রীপুরে বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে উচ্চফলনশীল সরিষার জাত বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪ এর চাষাবাদ সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যে এক বিশাল মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। প্রায়োগিক মাঠ পরীক্ষণের মাধ্যমে কৃষকদের এসব উন্নত জাতের কার্যকারিতা সরাসরি প্রদর্শনের জন্য এই আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, গাজীপুর। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে ও আমদানিনির্ভরতা কমাতে বিনাসরিষা-১১-এর মতো উচ্চফলনশীল জাতগুলো বৈপ্লবিক ভূমিকা রাখতে পারে।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা খাতুন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা সরিষার আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সরকারি প্রণোদনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিনাসরিষা-১১ ও বারি সরিষা-১৪-এর স্বল্প জীবনকাল এবং অধিক ফলন সম্পর্কে কৃষকদের ধারণা প্রদান।

পরীক্ষামূলক জমিতে সরিষার বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।
শ্রীপুর উপজেলায় সরিষার আবাদি জমি বাড়িয়ে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে কাজ করার অঙ্গীকার।

​অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই উন্নত জাতগুলো চাষের মাধ্যমে কৃষকরা অল্প সময়ে অধিক লাভবান হতে পারবেন।

শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
শ্রীপুর থেকে জেলা সদরের সহজে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ

গাজীপুরের শ্রীপুর রেল লাইনের পাশ দিয়ে জেলা সদরের সাথে সহজ সংযোগের জন্য নতুন একটি সড়ক নির্মাণের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চুসহ এলজিইডির প্রতিনিধিগন।

শ্রীপুর উপজেলা সহকারি প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এ সড়কটি নির্মাণ হলে বাস ট্রাক সহ সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে। জেলা সদরের সাথে উপজেলার দূরত্ব কমে আসবে প্রায় ১০ কিলোমিটার।

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন অবহেলিত থাকার পর এলাকার মানুষ জনের চলাচল সহজ করতে এ সড়কটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী এক বছরের মধ্যে এর কাজ শুরু করতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগন।

শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় শিরিন আওলাদ মডেল স্কুল-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্ভোধন করেন হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেক্সিমকো গ্রুপের সাবেক নির্বাহী পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা বেগম শামসুন্নাহার, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সরকার, সমাজসেবক ও ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট দৌড়, লং জাম্প, বালিশ খেলা, বিস্কুট খেলা, দড়ি টানাটানি ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মনোভাব ছিল চোখে পড়ার মতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সুস্থ ও সৃজনশীল করে গড়ে তুলতেই এ ধরনের আয়োজন।”
দিন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বিদ্যালয়জুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ।